দেশের গার্মেন্টস শিল্পের অগ্রগতি ও দক্ষ জনশক্তি আরও বাড়াতে জার্মান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাঁচ বছর মেয়াদি দ্বিপক্ষীয় একটি চুক্তি সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জের রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পপ্রতিষ্ঠান ক্রোনি। এ উদ্দেশ্যে গতকাল বৃহস্পতিবার নারয়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিসিক শিল্পনগরীর পাশে অবস্থিত এই শিল্পপ্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শনে আসেন জার্মান টেক্সটাইল ইউনিভার্সিটির দুই প্রফেসর প্রকৌশলী ড. আলেকজান্ডার বুজন, ড. লুজ বুজবন ও ১০ শিক্ষার্থীসহ ১২ সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল।
পরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির ফলে গার্মেন্টস শিল্পে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বৃদ্ধিসহ আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব দেওয়া দেশ জার্মানির সবচেয়ে বড় টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের এই প্রতিনিধিদল বৃহস্পতিবার দিনভর ক্রোনি গ্রুপের প্রতিষ্ঠান অবন্তী কালারের উৎপাদন, বিপণন, নিটিং, ডাইং, প্রিন্টিং ও অ্যামব্রয়ডারি বিভাগসহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন। এখানকার মনোরম পরিবেশ, উন্নত ব্যবস্থাপনা, আধুনিক ফ্যাশন ডিজাইন, স্বল্প সময়ে অধিক উৎপাদন ও শ্রমিকদের সুনিপুণ দক্ষতা দেখে তারা মুগ্ধ হন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক সৃষ্টির ফলে ইতিবাচক আশা ব্যক্ত করেন। পরিদর্শন শেষে জার্মান টেক্সটাইল ইউনিভার্সিটির প্রফেসর প্রকৌশলী ড. আলেকজান্ডার বুজন বাংলাদেশে এই সফরের ইতিবাচক দিক তুলে ধরে সময় নিউজকে বলেন, এখানে না এলে তারা জানতেই পারতেন না বাংলাদেশের গার্মেন্টন শিল্পের উৎপাদিত পোশাক এত আকর্ষণীয় এবং গুণগত মানসম্পন্ন। তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে ব্যবহারিক অনেক কিছু সরাসরি শিখতে পারবে। এখান থেকে শিক্ষা অর্জন করে তারা তাদের দেশের ফ্যাশন খাতকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করেন তিনি।
একই ইউনিভার্সিটির প্রফেসর ড. লুজ বুজবন বাংলাদেশের সাফল্য কামনা করে এখানাকার শিল্পপ্রতিষ্ঠানের শিক্ষানবিস কর্মকর্তা ও কর্মচারীরা তাদের দেশে গিয়ে কারিগরি প্রশিক্ষণ নিয়ে আরও দক্ষ জনশক্তিতে পরিণত হবে। এতে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন। বাংলাদেশের সঙ্গে জার্মানির এই সম্পর্ক দীর্ঘমেয়াদি হলে দুই দেশই লাভবান হবে বলে তিনি মনে করেন।
