গ্রেপ্তার ও রিমান্ড নিয়ে রিভিউ শুনানি ১৬ এপ্রিল

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫১ এএম

পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদসংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারার সংশোধন বিষয়ে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের

শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেয়। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যপক্ষে ছিলেন আইনজীবী ইদ্রিসুর রহমান ও সারা হোসেন।

 ১৯৯৮ সালে রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরের ২৩ জুলাই মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে মারা যান তিনি। এ নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। পুলিশের নির্যাতনে রুবেলের মৃত্যুর অভিযোগ ওঠে। রুবেল ‘হত্যা’ তদন্তের জন্য বিচারপতি হাবিবুর রহমান খানের সমন্বয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের পক্ষে বেশকিছু সুপারিশ করে। কিন্তু সুপারিশ বাস্তবায়িত না হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। শুনানি শেষে হাইকোর্ট ২০০৩ সালের ৭ এপ্রিল গ্রেপ্তার ও রিমান্ড নিয়ে কয়েক দফা নির্দেশনা দেয়। নির্দেশনায় ৫৪ ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় কোনো ব্যক্তিকে আটক বা গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে তাকে অক্ষত অবস্থায় সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া কাউকে আটক বা গ্রেপ্তারের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবশ্যই পরিচয়পত্র পেশ এবং আটকের কারণ জানাতে বলা হয় হাইকোর্টের রায়ে। যাকে আটক করা হবে তার মানবাধিকার যাতে ক্ষুণন না হয়, তাকে কোনো ধরনের নির্যাতন না করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তি যেন যথাযথ আইনি সুবিধা পান তা নিশ্চিত করার কথাও বলা হয়।

এ ছাড়া ১৬৭ ধারা অনুযায়ী হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) ক্ষেত্রেও শারীরিক নির্যাতন না করার বিষয়ে নির্দেশনা দেয় উচ্চ আদালত। হাইকোর্টের রায়ে ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের নির্দেশ দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে। শুনানি শেষে ২০১৬ সালের ২৪ মে আপিল বিভাগ এক রায়ে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত