সুন্দরবন দিবসে বক্তারা

সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রাখে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৭ এএম

‘বিশ্ব ভালোবাসা দিবসে কেবল মানুষকে নয়, সুন্দরবনকেও ভালোবাসুন’এই স্লোগানে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় গতকাল শুক্রবার পালন করা হয়েছে সুন্দরবন দিবস। শোভাযাত্রা, প্রাণবৈচিত্র্য বিষয়ে শিশুদের চিত্রাঙ্কন, মানববন্ধন, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভার মাধ্যমে সুন্দরবনকে ভালোবাসার আহ্বান জানানো হয়। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

খুলনা : বন অধিদপ্তর, বেসরকারি সংস্থা সুন্দরবন একাডেমি, রূপান্তর ও খুলনা প্রেস ক্লাবসহ কয়েকটি প্রতিষ্ঠান বর্ণাঢ্য আয়োজন করে। সকালে নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।  প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আবদুল খালেক যারা সুন্দরবনকে ধ্বংস করতে চায় তাদের আইনের আওতায় আনার পরামর্শ দেন। খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা ও অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান। সুন্দরবন বিষয়ে তথ্য উপস্থাপন করেন বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল-আল-মামুন। বক্তৃতা করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, সুন্দরবন একাডেমির প্রতিষ্ঠাতা উপদেষ্টা স্বপন কুমার গুহ। এর আগে সিটি মেয়রের নেতৃত্বে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাগেরহাট : বেলা সাড়ে ১১টায় বাগেরহাট প্রেস ক্লাব ও বেসরকারি সংগঠন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন যৌথভাবে এই সুন্দরবন দিবসের আয়োজন করে। বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. ফরিদুল ইসলাম। প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সভাপতি আহাদ উদ্দীন হায়দার, শেখ আহসানুল করিম, বর্তমান সাধারণ সম্পাদক আবদুল বাকি তালুকদার ও অর্থ সম্পাদক ইয়ামিন আলী প্রমুখ। বক্তারা বলেন, সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে। পরে প্রেস ক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মোংলা (বাগেরহাট) : সুন্দরবন দিবস উপলক্ষে প্রাণবৈচিত্র্যবিষয়ক শিশুদের চিত্রাঙ্কন, র‌্যালি, মানববন্ধন, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ আয়োজনে মোংলার সেন্ট পল্স উচ্চ বিদ্যালয় চত্বরে সুন্দরবন দিবসের এ কর্মসূচি পালিত হয়। পরে সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার নূর আলম শেখ।

সাতক্ষীরা : শ্যামনগরে সুন্দরবন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমএ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল হাই সিদ্দিকী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত