৩৯ তম বিসিএসে (বিশেষ) চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশকৃত কিন্তু বাদ দেওয়া ৩৮ জন প্রার্থীকে নিয়োগ না দেয়ার সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত পৃথক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সিদ্দিক উল্যাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম।
আইনজীবীরা জানান, ৩৯ তম বিসিএসে (বিশেষ) পিএসসি মোট ৪ হাজার ৭৯২ জন প্রার্থীকে (সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন) নিয়োগের জন্য সুপারিশ করে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৯ সালের ১৮ নভেম্বর, ৮ ডিসেম্বর এবং গত ২০ জানুয়ারি নিয়োগের যে প্রজ্ঞাপন জারি করে তাতে এই ৩৮ জনের নাম আসেনি। এই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে ও সুপারিশকৃতদের সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের আরজি জানিয়ে পৃথক দুটি রিট আবেদন করা হয়।
