রাকাত ধরতে দৌড়ানো উচিত নয়

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৪ পিএম

প্রশ্ন : অনেক সময় আমরা দৌড়ে গিয়ে রাকাত ধরি। কারণ রাকাত পাওয়ার জন্য রুকু পাওয়া জরুরি। আর অনেক সময় দেখা যায়, ইমাম সাহেব রুকু থেকে উঠে যাওয়ার আশঙ্কা থাকে। তাই রাকাতটি পাওয়ার জন্য আমরা দৌড়ে গিয়ে ইমাম সাহেব রুকুতে তা ধরার চেষ্টা করি। এ ধরনের করা কতটুকু সঠিক?

উত্তর : এ কাজটি সঠিক নয়। কেননা হাদিস শরিফে রাসুল (সা.) বলেন, ‘জামাত শুরু হয়ে গেলে তোমরা তাড়াহুড়ো করে এসো না। বরং স্বাভাবিকভাবে হেঁটে এসো এবং শান্ত থেকো। অতঃপর যত রাকাত পাবে তা পড়ে নেবে। আর যা ছুটে যাবে তা পূর্ণ করে নেবে।’ (বুখারি, হাদিস : ৯০৮)

আবার অনেক ক্ষেত্রে আমরা এভাবে দৌড়ে এসে রাকাত ধরার জন্য কাতারে পৌঁছার আগেই নিয়ত বেঁধে ইমামের ইকতিদা করে ফেলি এবং নিয়ত বাঁধার পর অল্প অল্প করে এগিয়ে কাতারে এসে শামিল হই। এভাবে করলে যদিও নামাজ নষ্ট হবে না, তবে এমনটি করা ঠিক নয়।

এ বিষয়ে আরও অনেক হাদিস রয়েছে, আবু বকরা (রা.) বলেন, তিনি রাসুল (সা.)-এর কাছে এমন সময় পৌঁছালেন যখন তিনি রুকুতে ছিলেন। তখন তিনি কাতারে পৌঁছার আগেই তাকবিরে তাহরিমা বেঁধে রুকুত চলে যান। এ ঘটনা রাসুল (সা.)-এর কাছে ব্যক্ত করা হলে তিনি বললেন, ‘আল্লাহতায়ালা তোমার আগ্রহকে আরও বাড়িয়ে দিন। তবে সামনে থেকে আর এমন করবে না।’ (বুখারি, হাদিস : ৭৮৩)

প্রশ্নটি করেছেন : সাকিবুল ইসলাম, চান্দিনা, কুমিল্লা

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত