গাজীপুর মহানগরীর টঙ্গীতে ঋণের কারণে হতাশাগ্রস্ত এক তরুণ আত্মহত্যা করেছেন। তার নাম মো. মামুন (২৫)। গতকাল মঙ্গলবার সকালে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে। মামুন জামালপুর জেলার নান্দিনা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মামুন কোনো চাকরি না পেয়ে দীর্ঘদিন থেকে হতাশায় ভুগছিলেন। তার স্ত্রী শারমিন আক্তার স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। তাদের দুটি সন্তান রয়েছে। অভাবের কারণে মামুন এলাকায় অনেকের কাছ থেকে টাকা ঋণ নেন। ঋণ পরিশোধ ও সংসার চালাতে মামুন স্ত্রী ও পরিচিতদের নামে পর্যায়ক্রমে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) এবং ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ নেন। এভাবে তিনি অন্তত কয়েক লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। ওই টাকার সুদসহ কিস্তি তিনি কোনোভাবেই পরিশোধ করতে পারছিলেন না। পাওনাদাররা বিভিন্ন সময়ে তার বাড়িতে গিয়ে হানা দিতে থাকেন।
গতকাল সকালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন মামুন। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে মামুন টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার আবুল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে পরিবারের অন্য সদস্যরা পলাতক। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, অতিরিক্ত ঋণের বোঝা সইতে না পেরে ওই যুবক আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
