জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা ওই কর্মসূচি পালন করেন।
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা ব্রজমোহন কলেজের জিরো পয়েন্ট থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের সামনের সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। এ সময় সড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান শিকদার ঘটনাস্থলে গিয়ে উদ্বুত সমস্যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
