গোয়ালন্দঘাট থানায় ওসির ব্যানার

‘স্যার বলার দরকার নাই’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫০ পিএম

মাত্র কয়েক দিন আগের ঘটনা। ভিন্নরকম এক বিষয়ে সংবাদের শিরোনাম হন গোয়ালন্দঘাট থানার ওসি আশিকুর রহমান। গত ২ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রথা ভেঙে দৌলতদিয়া যৌনপল্লীর এক যৌনকর্মীর জানাজা-দাফন ও কুলখানি করে বিশ্ব মিডিয়ায় আলোচনায় আসেন তিনি।

আন্তর্জাতিক মিডিয়া এ নিয়ে সংবাদ প্রকাশ করে; কারণ দৌলতদিয়া যৌনপল্লীর রেওয়াজ ছিল কোনো যৌনকর্মী মারা গেলে তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হতো অথবা মাটিতে পুঁতে রাখা হতো, জানাজা-দাফন করা হতো না। এবার ওসি আশিকুর রহমান ব্যাপকভাবে আলোচনায় এসেছেন নিজ কার্যালয়ের সামনে একটি ব্যানার টানিয়ে।

মুজিববর্ষে পুলিশের স্লোগান, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’। আর এ বিষয়টিকে বাস্তবে পরিণত করেছেন আশিকুর রহমান। অফিসের সামনে টানানো একটি ব্যানারের ছবি গোয়ালন্দঘাট থানার ফেইসবুক আইডিতে পোস্ট করেন। যাতে লেখা রয়েছে, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। ইহা একজন গণকর্মচারীর অফিস। যেকোনো প্রয়োজনে এ অফিসে ঢুকতে অনুমতির প্রয়োজন নাই। সরাসরি রুমে ঢুকুন। ওসিকে স্যার বলার দরকার নাই।’

ওসি আশিকুর রহমান কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমার বেতন হয় জনগণের টাকায়, আমি প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের কাজ জনগণকে সেবা দেওয়া।’

এদিকে পোস্ট করা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। স্থানীয়রা এমন একটি জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ার জন্য আশিকুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত