দিনাজপুরে ৯ বছর আগে চাঞ্চল্যকর ওয়াকিল উদ্দীন মন্ডল হত্যা মামলায় তিনজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ মো. আনোয়ারুল হক এ রায় দেন।
ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার খয়েরবাড়ী (মির্জাপুর) গ্রামের মোসলেম উদ্দিন (৫৫), মোস্তাফিজুর রহমান (৩৫) ও মামুনুর রশিদ (৩৭)।
যাবজ্জীবন কারাদন্ড পাওয়া আসামি সোহেল রানা (২৫) খয়েরবাড়ী এলাকার বাসিন্দা। মামলায় বেকসুর খালাস পান মেহেরুন বেগম (৩৬)।
মামলা সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলার মির্জাপুর খয়েরবাড়ী মৌজার একটি পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে নিহত ওয়াকিল উদ্দীন মন্ডলের ভগ্নিপতি মনজের আলীর সঙ্গে আসামিদের বিরোধ চলে আসছিল। ২০১১ সালের ২৫ জুন সকালে আসামিরা ওই পুকুরে গিয়ে হামলা চালিয়ে ওয়াকিল উদ্দীন মন্ডলকে হত্যা করে।
