বাংলালিংকের এসডিজি হ্যাকাথনের তিন সেরা উদ্যোগ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৪ পিএম

নারীদের জন্য চ্যাটবোটভিত্তিক আইনগত সহযোগিতা, শিশুদের জন্য ডিজিটাল শিক্ষা এবং ড্রোনভিত্তিক বীজ বপন পদ্ধতির ওপর পরিকল্পনা উপস্থাপন করে বাংলালিংক এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস) হ্যাকাথন ‘কোড ফর অ্যা কজ’র দ্বিতীয় আসরে তিনটি দল সেরা হয়েছে।

উদ্ভাবন ও প্রযুক্তিতে আগ্রহী তরুণদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন আর্থসামাজিক সমস্যার ডিজিটাল সমাধানে উৎসাহ দিতে আয়োজিত ২৪ ঘণ্টাব্যাপী এই হ্যাকাথনে টিম কোয়ার্কিবিটস্‌, টিম বিনটএক্স ও টিম এরিয়াল এক্স যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে।

আয়োজনে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার মুনিরুজ্জামান শেখ ও প্রতিষ্ঠানটির অন্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।

আগ্রহী তরুণরা অনলাইন সাবমিশনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেন। অংশগ্রহণকারীদের ডিজিটাল পরিকল্পনার কার্যকারিতার ভিত্তিতে নির্বাচিত ৩ সদস্য বিশিষ্ট ২৫টি দল কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা, জলবায়ু ও লৈঙ্গিক সমতা বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান করে উপস্থাপন করে।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘বাংলালিংক এসডিজি হ্যাকাথনের দ্বিতীয় আসরের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আগ্রহীদের প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে এসডিজির সাথে সম্পর্কিত বিশেষ কিছু আর্থ-সামাজিক সমস্যা সমাধানের সুযোগ দিতে আমরা বিশেষ এই প্ল্যাটফর্ম চালু করেছিলাম। হ্যাকাথনে অংশগ্রহণকারীরা যেসব ডিজিটাল পরিকল্পনা প্রস্তুত করেছে তাতে সমস্যাগুলো সমাধানের বিভিন্ন নতুন পদ্ধতি উঠে এসেছে।’

নেদারল্যান্ডসভিত্তিক ভিওন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংক ২০১৮ সালে বাংলাদেশে প্রথম এই প্রতিযোগিতা চালু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত