এস কে সিনহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় হুদার বিরুদ্ধে মামলা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৬ পিএম

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ঘুষ চাওয়ার মিথ্যা অভিযোগ করায় ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের ঢাকা-১ এর সমন্বিত জেলা কার্যালয়ে বুধবার পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদি হয়ে মামলাটি করেন।

এজাহারে বলা হয়, মিথ্যা জেনেও নাজমুল হুদা বিজ্ঞ আদালত ও প্রাক্তন প্রধান বিচারপতি জনাব সুরেন্দ্র কুমার সিনহার ভাবমূর্তি ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যে শাহবাগ থানায় ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর মামলা করেন।

এ জন্য দুদক আইন-২০০৪ এর ২৮গ (২) ধারায় নাজমুল হুদার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত সাংবাদিকদের বলেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ঘুষ চাওয়ার মামলা তদন্ত করে দেখা গেছে মামলাটির তথ্য সঠিক নয়, ভিত্তিহীন।

২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় এস কে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদা এ মামলা করেন। পুলিশ ৩ অক্টোবর মামলাটি দুদকে পাঠিয়ে দেয়। ওই মামলা তদন্ত করেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

গত বছরের ৪ ডিসেম্বর কমিশন এই অভিযোগ থেকে বিচারপতি সিনহাকে অব্যাহতি দিলেও একই দিন ঋণ জালিয়াতির মামলায় তাকে আসামি করে অভিযোগপত্র জমা দেয় দুদক।

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও খালেদা জিয়ার সরকারের মন্ত্রী নাজমুল হুদা ওই দল ছেড়ে নতুন দল গড়ে এখন আওয়ামী লীগের জোটে ভেড়ার আশায় আছেন।

বিচারপতি সিনহার বিরুদ্ধে মামলা করার পর নাজমুল হুদা সাংবাদিকদের বলেছিলেন, ২০১৭ সালে তার কাছে সোয়া তিন কোটি টাকা ঘুষ দাবি করেন বিচারপতি এস কে সিনহা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত