আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করতে কাজ করার ঘোষণা দিয়েছেন বর্তমান সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
তিনি বলেন, আমাদের সর্বশক্তি দিয়ে দলের প্রার্থীর জন্য কাজ করতে হবে। নির্বাচনী বৈতরণী পার করতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে নানামুখী পরিকল্পনা নেয়া হচ্ছে। ইতোমধ্যে আমরা জরুরি বৈঠক শেষ করেছি।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের প্রয়াত বর্ষীয়ান নেতাদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব বলেন তিনি।
আ জ ম নাছির উদ্দিন বলেন, বিগত সময়ের মতো মহানগর আওয়ামী লীগ সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবে। নির্বাচনের বিষয়ে কেন্দ্র থেকে নির্দেশনা রয়েছে। প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছে এবং নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে সব নেতাকর্মী।
এ সময় দল মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর জন্য মহানগর আওয়ামী লীগের আওতাধীন সব ওয়ার্ড, থানা, ইউনিটসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান আ জ ম নাছির।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রয়াত বর্ষীয়ান নেতা জহুর আহমদ চৌধুরী, এম এ আজিজ, এম এ মান্নান, সিরাজুল হক মিয়া, ইসহাক মিয়া, আতাউর রহমান খান কায়সার, এবিএম মহিউদ্দিন চৌধুরী ও কাজী ইনামুল হক দানুর কবরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
এ সময় রেজাউল করিমের সঙ্গে ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, শহীদুল আলম প্রমুখ।
এ ছাড়া মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত শেষে তার চশমা হিলস্থ বাসায় গিয়ে হাসিনা মহিউদ্দিনের সঙ্গেও দেখা করেন তারা।
