ময়মনসিংহের ভালুকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১০ কৃষকের অন্তত তিন কোটি টাকা মূল্যের ৪৫ বিঘা জমি না কিনেই স্পিনিং মিলের জন্য জোরপূর্বক সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভরাডোবায় মুলতাজিম স্পিনিং মিলের নামে ওই সীমানাপ্রাচীর নির্মাণ করে জমি জবরদখলের চেষ্টা করা হয়। কৃষকদের মামলার পরিপ্রেক্ষিতে আদালত থেকে ওই জমির ওপর ১৪৪ ধারা জারি করা আছে।
ভুক্তভোগী কৃষকদের ভাষ্যমতে, উপজেলার ভরাডোবা এলাকার মুলতাজিম মিল কর্র্তৃপক্ষ আরও একটি কারখানা স্থাপনের জন্য গত ২৯ জানুয়ারি বিকেলে তাদের কারখানা এলাকার কৃষকদের জমিতে ভাড়াটে লোকজন নিয়ে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করে। এ সময় কৃষকরা প্রাচীর নির্মাণে বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গতকাল বৃহস্পতিবার আবার প্রাচীর নির্মাণ করতে চাইলে স্থানীয়দের বাধার মুখে পিছু হটে মিল কর্র্তৃপক্ষ।
মুলতাজিম স্পিনিং মিলের মালিক আবদুস সালাম বলেন, ‘কারও জমির ওপর সীমানাপ্রাচীর নির্মাণ করছি না। আমার ক্রয়কৃত জমির মাঝখানে এখনো কেনা হয়নি কিন্তু বায়নার টাকা দেওয়া হয়েছে এমন জমিও আছে। আদালতের নিষেধাজ্ঞা থাকায় কাজ বন্ধ রেখেছি।’
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন আদালতের নিষেধাজ্ঞার সত্যতা স্বীকার করে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কাজ বন্ধ রেখে দুই পক্ষকেই শান্ত থাকতে বলা হয়েছে।’
