নওগাঁর মহাদেবপুরে মুজিব বর্ষ উদ্যাপন উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়াল পত্রিকা, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় সমাপনী দিনে উপজেলার অডিটোরিয়ামে প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার নওগাঁর উপপরিচালক গোলাম মো. শাহনেওয়াজ। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে গোলাম মো. শাহনেওয়াজ বলেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা এটি জেলায় প্রথম। সুন্দর সমাজ বিনির্মাণে বিতর্ক প্রতিযোগিতা তরুণ সমাজকে উদ্দীপ্ত করবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে ‘ফলাফল কেন্দ্রিক শিক্ষা গুণগত শিক্ষা অর্জনের প্রধান অন্তরায়’ এ বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়।
অনুষ্ঠানে বাংলা সংসদীয় ধারার এ প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়কে ১২টি ক্লাস্টারে ভাগ করে ১২টি দল, মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২টি দল, মোট ৩৬টি ডিবেট টিম ও ১২৪টি প্রাথমিক বিদ্যালয় দেয়াল পত্রিকায় অংশগ্রহণ করে।
গত ১৭ ফেব্রুয়ারি সোমবার থেকে এ আয়োজন শুরু হয়ে বৃহস্পতিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়।
