আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নামে টানানো একটি ব্যানারের ছবি ফেইসবুকে ভাইরাল হয়েছে। রাজধানীর রমনা এলাকায় টানানো ওই ব্যানারে ১৯৫২ সালের ভাষাশহীদদের পরিবর্তে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ সাত বীরশ্রেষ্ঠের ছবি ব্যবহার করা হয়। ব্যানারটির ছবি বিভিন্ন ব্যক্তি তাদের ফেইসবুক আইডিতে শেয়ার করলে গতকাল শুক্রবার সকাল থেকেই সমালোচনা চলতে থাকে।
তবে ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, তারা সাত বীরশ্রেষ্ঠের ছবি ব্যবহার করে কোনো ব্যানার টানাননি। গতকাল দুপুরের পর ব্যানারটি আর খুঁজে পাওয়া যায়নি। কে বা কারা তা সরিয়ে ফেলে।
ডিএমপির রমনা জোনের একাধিক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, ভাষাশহীদদের সম্মান জানাতে গিয়ে ভুলবশত সাত বীরশ্রেষ্ঠের ছবি দিয়ে ব্যানার তৈরি করা হয়। ওই ব্যানারটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখ এড়িয়ে কীভাবে প্রকাশ্যে টানানো হলো তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির রমনা জোনের উপকমিশনার সাজ্জাদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘আমি রমনা এলাকার অপরাধ বিষয়ে কাজ করে থাকি। ভাষাশহীদদের নামে ভুল ছবি দিয়ে ব্যানার টানানোর তথ্য আমার জানা নেই। বিষয়টি সম্পর্কে ভালো বলতে পারবেন ডিএমপির লজিস্টিক শাখার যুগ্ম কমিশনার।’
পরে লজিস্টিক শাখার যুগ্ম কমিশনার ইমাম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনে দেশ রূপান্তরকে বলেন, ‘ডিএমপির পক্ষ থেকে ভাষাশহীদদের স্মরণে বীরশ্রেষ্ঠদের ছবি দিয়ে কোনো ব্যানার তৈরি কিংবা টানানো হয়নি। আমরা পুলিশ কন্ট্রোল রুম ও ডিএমপির হেডকোয়ার্টারের সামনে যে ব্যানার টানিয়েছে তাতে কোনো ভুল নেই। তবে রমনা এলাকায় কে বা কারা ডিএমপির নাম ব্যবহার করে ভুল ব্যানার টানিয়ে তা আবার তুলে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। ধারণা করছি, কেউ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এটি করে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
ফেইসবুকে শেয়ার হওয়া ব্যানারটির ওপরে লেখা ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০। তার নিচে স্বাধীনতাযুদ্ধে শহীদ ৭ বীরশ্রেষ্ঠের ছবি। আর ছবির নিচে লেখা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তার নিচে ব্লক অক্ষরে লেখা ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ব্যানারের ওপরের ডান কোনায় মুজিববর্ষের লোগো এবং বামপাশে ওপরে ও নিচে ডিএমপির দুটি লোগো ছিল।
সাত বীরশ্রেষ্ঠের ছবি দিয়ে টানানো এই ব্যানার নিয়ে ফেইসবুকে অনেকেই নেতিবাচক স্ট্যাটাস দিয়েছেন। সিমিত রায় অন্তর নামে একটি ফেইসবুক আইডিতে ‘নো ক্যাপশন’ লিখে ছবিটি আপলোড করা হয়। সেখানে নিলয় আলমগীর নামে একজন মন্তব্য করেছেন, ‘সাতজন বীরশ্রেষ্ঠকে শ্রদ্ধা জানিয়েছে। দিবস কোনো ব্যাপার নয়।’ সজল শুভ নামে একটি আইডি থেকে মন্তব্য করা হয়, ‘ভাষাশহীদদের শ্রাদ্ধ করা হয়েছে।’ এমন ভুল ছবির ব্যানারের সমালোচনা করে নজরুল ইসলাম নামে আরেকজন লেখেন, ‘ভাষার জন্য কারা শহীদ হয়েছেন তাই জানা নেই ডিএমপির মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থার। বিষয়টি দুঃখজনক ও লজ্জার।’
বীরশ্রেষ্ঠদের ছবি দিয়ে টানানো ব্যানারের ব্যাপারে জানতে চাইলে ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘ডিএমপির নামে এমন ভুল ব্যানার কারা তৈরি করেছে বা কারা লাগিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’
