টাঙ্গাইলের মির্জাপুরে ছেলের হুকুমে বাবাকে হত্যার মামলায় ছেলেসহ চারজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। গতকাল রবিবার দুপুরে টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ফেরদৌস এ রায় দেন।
দ-িতরা হলো মির্জাপুরের ভাংগুড়ি দক্ষিণপাড়ার নিহত আবদুল আওয়ালের ছেলে আসাদুজ্জামান মিয়া (৪২), মীর কুটিয়া গ্রামের জহিরুল ইসলাম (৫৫), নাগরপুর উপজেলার ভারড়া গ্রামের লুকিমুদ্দিন (৪০) ও মান্নান (৪০)। দণ্ডিতরা সবাই জামিনে গিয়ে পলাতক। মামলার তদন্ত কর্মকর্তা বর্তমানে টাঙ্গাইল ডিবি পুলিশের ওসি (ওই সময় মির্জাপুর থানার এসআই) শ্যামল কুমার দত্ত জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ৩০ জুলাই রাতে আসাদুজ্জামান মিয়ার হুকুমে তার তিন সহযোগী আসাদুজ্জামানের বাবা আবদুল আওয়ালকে (৭০) গলা কেটে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের ছেলে আসাদুজ্জামান মিয়া বাদী হয়ে থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।
