সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৬ এএম

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছে। বিস্ফোরণে সৃষ্ট আগুনে পুড়ে গেছে দুটি ঘর।

সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী গ্রামের সানু মুন্সির বাড়িতে রবিবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনজিল হক জানান, রাতের খাবার রান্না করার সময় সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়। পরে সিএনজি অটোরিকশায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে সংযোগ দিয়ে রান্না শুরু করে।

এ সময় বিস্ফোরণে দুটি ঘরে আগুন ধরে যায়। আগুন মুহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। তারা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আগুনে বাড়িতে থাকা শিশুকন্যা সুমাইয়া খাতুনসহ বাড়ির মালিক সানু মুন্সি, নিলুফা খাতুন, মেহেদী হাসান, সাইদুল ইসলাম ও নাজিরা খাতুন দগ্ধ হন।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত