ফিলিস্তিনের গাজা ও সিরিয়ার দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দামেস্কে ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের দুই যোদ্ধা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী এই বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে। গতকাল সোমবার ইসলামিক জিহাদের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের দুই সদস্য রবিবার শেষ রাতে চালানো জায়নবাদী বোমায় নিহত হন। সিরিয়ায় হামলা চালানো ইসরায়েলের স্বীকারোক্তির ঘটনা খুব বিরল। আল জাজিরা স্বতন্ত্র সূত্রে হামলার বিষয়টি নিশ্চিত হয়েছে।
ইসরায়েল দাবি করেছে, গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপ করার পর তারা দামেস্কের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। গাজা ও দামেস্কে হামলার কথা নিশ্চিত করে দেশটি জানায়, দামেস্কের আদেলিয়াহ অঞ্চলে ইসলামিক জিহাদের একটি স্থাপনায় হামলা চালানো হয়। সিরিয়া সংগঠনটির কর্মকাণ্ড পরিচালনার জন্য এটিকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো।
ফিলিস্তিনি ভূখণ্ড ও সিরিয়ায় সক্রিয় ইসলামিক জিহাদ। রবিবার তারা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ২০টিরও বেশি রকেট ছুড়েছে।
