বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী এ রায় দেন।
২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে যাওয়া আওয়ামী লীগের প্রার্থী জুয়েল খানের করা মামলায় গোলাম কিবরিয়াকে জেল-জরিমানা করা হয়। জুয়েল চেয়ারম্যানসহ ১৮ জনের বিরুদ্ধে বরগুনায় ত্রাস সৃষ্টি করে হামলার অভিযোগে মামলা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৮ দিন পর ২৪ মার্চ ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া অসুস্থ থাকায় তার খোঁজখবর নিতে বরগুনা জেনারেল হাসপাতালে যান মামলার বাদী জুয়েল খান। এ সময় হাসপাতালে উপস্থিত গোলাম কিবরিয়া তার সহযোগীদের নিয়ে জুয়েল খানের ওপর হামলা করেন। মামলায় বিচারকার্য শেষে অভিযুক্ত ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বাদী জুয়েল খান বলেন, ন্যায়বিচার পেয়েছি। আসামিপক্ষের আইনজীবী এম মুজিবুল হক কিসলু জানান, তার মক্কেল ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। দণ্ডিত হওয়ায় গোলাম কিবরিয়াকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে বরখাস্তও হতে হবে।
