গোয়ালন্দে এক মাসে ৩০০ ঘরবাড়ি বিলীন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০৩ পিএম

অসময়ের নদীভাঙনে এক মাসে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুটি ইউনিয়নের ৩০০ পরিবারের ৯০০ বিঘা আবাদি জমি এবং অর্ধশত বসতভিটা নদীতে বিলীন হয়েছে। বন্যার সময় ভাঙনে এলাকাবাসীর প্রস্তুতি থাকলেও অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে উঠতি ফসলসহ খেতখামার।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, স্থায়ী কোনো ব্যবস্থা না নিলে নদীভাঙন রোধ করা সম্ভব নয়। বাঁধ নির্মাণে পরিকল্পনা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

সরেজমিন দেখা গেছে, শুকনো মৌসুমে দেবগ্রাম ইউনিয়নের কাউলজানি এলাকার নদীর তীরবর্তী প্রায় ২০০টি এবং দৌলতদিয়া ইউনিয়নে নদী তীরবর্তী ১০০টি পরিবারের ৯০০ বিঘা জমি নদীতে বিলীন হয়েছে। এর আগের বর্ষা মৌসুমে প্রায় ১ হাজার ৫০০টি পরিবার নদীতে জায়গাজমি সবকিছু হারিয়েছে। এ কারণে বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে হয়েছে তাদের।

কাউলজানি গ্রামের আবদুর রহিম বলেন, আমার ছয় বিঘা জমি ছিল। ১৫-২০ দিনে ধরে নদী ভাঙছে। আবাদি জমিতে পটোল, পেঁয়াজ, টমেটো লাগানো ছিল। এ নিয়ে চারবার ভাঙায় সব জমি নদীতে চলে গেছে। এখন আর কিছু নেই। সবকিছু শেষ। বন্যার সময় একবার ভাঙছে, এখন আবার অসময়ে নদী ভাঙছে। এমন ভাঙন আগে দেখিনি। এমন ভাঙনে নদী তীরবর্তী সবরকম ফসলি জমি নদীতে চলে যাচ্ছে।

দৌলতদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, ইউনিয়নের তিনভাগের দুভাগ নদীতে বিলীন হয়ে গেছে। শুকনো মৌসুমে নদীভাঙনে দুটি ওয়ার্ডের ৫০-৬০টি পরিবারের বসতভিটা ও ৬০০ বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়েছে।

দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, নদীভাঙনের যে পরিস্থিতি তা বন্ধ না করলে দৌলতদিয়া ও দেবগ্রাম দুই ইউনিয়ন নদীতে বিলীন হয়ে যাবে। ইউএনও, জেলা প্রশাসক, এমপির মাধ্যমে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা আমরণ অনশন করব, আমরা রাজপথ দখলে যাব। আমরা বেঁচে থেকে যদি নিঃস্ব হয়ে যাই এভাবে বেঁচে থেকে কী লাভ?

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, ভেঙে যাওয়া পরিবার সম্পর্কে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে বারবার জানাচ্ছি। স্থায়ী কোনো ব্যবস্থা না নিলে এটিকে রক্ষা করা আর সম্ভব নয়। তিনি আরও বলেন, সম্প্রতি শুকনো মৌসুমে দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের অন্তর্গত নদী তীরবর্তী প্রায় ৩০০টি পরিবারের ৯০০ বিঘা জমি নদীতে বিলীন হয়েছে। অতীতে বর্ষা মৌসুমে প্রায় ১ হাজার ৫০০টি পরিবার নদীতে জায়গা জমি সবকিছু হারিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত