রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তি বিতরণ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪০ পিএম

রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার সকালে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মাইনী মিলনায়তনে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

তিনি বলেন, ‘পরিবার-পরিকল্পনার জন্য অফিসের চেয়ে বেশি প্রয়োজন শিক্ষার। শিক্ষা খাতে ব্যয় করলে পরিবার-পরিকল্পনা এমনিতেই হবে। যে পরিবারে শিক্ষা আছে সে পরিবারে এমনিতেই সন্তানের সংখ্যা কম। আমার দুজন সন্তান, আমাকে কেউ কিন্তু পরিবার-পরিকল্পনা অফিস থেকে বলতে আসেনি।’

এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা) ড. প্রকাশ কান্তি চৌধুরী।

উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, এ বছর অনলাইনে প্রায় ৯ হাজার আবেদনের মধ্যে ২ হাজার ২০০ শিক্ষার্থীকে তিন পার্বত্য জেলায় শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। যার অর্থ মূল্য ২ কোটি টাকা।

তিন পার্বত্য জেলায় আলাদা আলাদা অনুষ্ঠানের মাধ্যমে এ শিক্ষাবৃত্তি প্রদান করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদেরও বিভিন্ন ক্যাটাগরিতে এ বৃত্তির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত