খাবেন কিন্তু ওজন বাড়বে না। এরকম খাবারের রেসিপি দিয়েছেন কানিজ ফাতেমা
পাস্তা সালাদ
উপকরণ
সিদ্ধ করা পাস্তা ১ কাপ, ব্রকলি সিদ্ধ আধা কাপ, পেঁয়াজ কুচি ১টি, মটরশুঁটি সিদ্ধ আধা কাপ, টমেটো কুচি ২টি, লেবুর রস ১ টেবিল চামচ , মধু ১ চা চামচ, কালো গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, অলিভ অয়েল ১ চা চামচ, লবণ ১ চা চামচ, ধনিয়াপাতা কুচি আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
১. বাটিতে লেবুর রস অলিভ অয়েল , লবণ, মধু, কালো গোলমরিচ গুঁড়ো নিয়ে একসঙ্গে মিশিয়ে সালাদের ড্রেসিং তৈরি করে রাখুন।
২. এবার পেঁয়াজসহ সিদ্ধ করে রাখা উপকরণ সালাদের ড্রেসিংয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন।
৩. ধনিয়াপাতা দিয়ে পরিবেশন করুন পাস্তা সালাদ।
ওটস ঝাল পুডিং
উপকরণ
ওটস ১ কাপ, ডিম ৩টি, কাঁচা মরিচ কুচি ৪টি, জিরা গুঁড়ো ১ চা চামচ, লবণ আধা চা চামচ, বাটার ২ চা চামচ, ধনিয়াপাতা কুচি ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. পাত্রে ডিম নিয়ে বিটার দিয়ে বিট করে নিন।
২. এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।
৩. মেশানো হলে যখন বেটার তৈরি হয়ে আসবে তখন ৬ ইঞ্চি মলডে পুডিংয়ের বেটারটা ঢেলে গরম পানিতে ভাপ দিন ২০ মিনিট।
৪. পুডিং হয়ে এলে নামিয়ে ধনিয়াপাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ওটস ঝাল পুডিং।
ওটস ভেজিটেবল ক্রেপ উইথ ইয়গাট সস
উপকরণ
ওটস ১ কাপ, কয়েক রকমের সবজি কুচি করে কাটা আধা কাপ, হলুদ গুঁড়ো ১ চিমটি, ডিম ১টি, কাঁচা মরিচ কুচি ৩টি, পানি ২ কাপ, লবণ আধা চা চামচ, অলিভ অয়েল ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. সব উপকরণ পাত্রে নিয়ে পানি দিয়ে গুলে বেটার তৈরি করে নিন।
২. চুলায় ফ্রাইপ্যান বসিয়ে গরম হলে তেল ব্রাশ করুন।
৩. তৈরি করা বেটার ফ্রাইপ্যান দিয়ে গোল রুটির মতো করে তৈরি করে নিন।
৪. ক্রেপ হয়ে এলে এবার ইয়গাট সস দিয়ে পরিবেশন করুন।
ইয়গাট সস তৈরি : পানি ঝরানো আধা কাপ টক দই, ধনিয়াপাতা বাটা ২ টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, লবণ আধা চা চামচ, জিরা গুঁড়ো ১ চা চামচ। সব উপকরণ বাটিতে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল মজাদার ইয়গাট সস।
টমেটো স্যুপ
উপকরণ
টমেটো সিদ্ধ ব্লেন্ড করা ৫টি, অলিভ অয়েল ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, রসুনকুচি ১ চা চামচ, চিকেন স্টক ১ লিটার, লবণ আধা চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. ফ্রাইপ্যানে তেল দিয়ে রসুন লালচে করে ভাজুন। ভাজা হলে টমেটো পেস্ট দিয়ে ১ মিনিট কষিয়ে নিন।
২. এবার চিকেন স্টক দিয়ে ৪ মিনিট রান্না করুন। এর পর লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলুন।
৩. গরম গরম পরিবেশন করুন মজাদার টমেটো স্যুপ।
চিকেন স্টক তৈরি: মুরগির মাংস ও হাড় কিউব করে কাটা ১ কেজি, পানি ১২ কাপ, গাজর ফালি করে কাটা আধা কাপ, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, সেলারি ডাঁটা ১টি। সব উপকরণ একসঙ্গে নিয়ে রান্না করুন। যখন দেখবেন ১২ কাপ পানি ৬ কাপ পরিমাণে হয়ে গেছে তখন নামিয়ে ফেলুন চিকেন স্টক।
মাসালা মিল্ক
উপকরণ
দুধ আধা লিটার, কাঁচা হলুদ বাটা সিকি চা চামচ, এলাচ গুড়ো ১ চিমটি, মধু ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. পাত্রে দুধ আর বেটে রাখা হলুদ দিয়ে ৩০ সেকেন্ড চুলায় জ্বাল দিন।
২. এবার এলাচ গুঁড়ো দিয়ে একটা বলগ আসার পর নামিয়ে ছাঁকনি দিয়ে ছাঁকুন।
৩. গ্লাসে ঢেলে মধু মিশিয়ে পরিবেশন করুন মাসালা মিল্ক।
