সুনামগঞ্জে ‘ভুয়া মামলার ওয়ারেন্ট’ পাঠিয়ে বিভিন্নজনকে গ্রেপ্তার ও বিভিন্ন মেয়াদে হাজতবাসসহ ভুয়া মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে এর প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও তাদের আইনজীবীরা।
বৃহস্পতিবার দুপুরে শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।
এতে লিখিত বক্তব্যে ছাতক উপজেলার জিয়াপুর গ্রামের আফজাল হোসেন জানান, গত নভেম্বরে ঢাকার একটি ভুয়া মামলায় রাতে পুলিশ তাকে ধরে নিয়ে আসে। ২৭ দিন জেল খাটার পর তিনি জামিন পান। একই গ্রামের শিক্ষার্থী কামরান হোসেন বলেন, একই মামলায় তাকেও ধরে নিয়ে আসে পুলিশ। পরদিন তার অনার্স ফাইনাল পরীক্ষা থাকায় আদালত তাকে জামিন দেয়।
সংবাদ সম্মেলনে তাহিরপুর উপজেলার ব্যবসায়ী আবদুল্লাহ আল মাসুদ জানান, গত ৩ জানুয়ারি মাদারীপুরের একটি ভুয়া মাদক মামলায় তাকে পুলিশ ধরে নিয়ে আসে। এক দিন থানায় রেখে মামলাটি ভুয়া জানতে পেরে তাকে ছেড়ে দেয় পুলিশ।
এক ভুক্তভোগীর আইনজীবী আবু হানিফা নোমান বলেন, গত ২৩ ফেব্রম্নয়ারি ভুয়া মামলার বিষয়ে ভুক্তভোগীরা সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিকার চেয়ে আবেদন করলে আদালত জেলার সব থানার পুলিশদের এসব ওয়ারেন্ট যথাযথ পরীক্ষা করে মামলার বিষয়ে খোঁজ নিয়ে আসামি গ্রেপ্তার করার বিষয়ে নির্দেশ দেয়।
