চীনের বাইরে ৫৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ কভিড-১৯ করোনাভাইরাস। এসব দেশে ভাইরাসটিতে মারা গেছে অন্তত ৭০ জন, আক্রান্তের সংখ্যা ৪৫৬৫।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগ বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ নিয়ে নিয়মিত তথ্য সংরক্ষণ করছে। এ নিয়ে কাজ করছে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠান দ্য সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই)।
ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে করোনাভাইরাসটির উৎপত্তি। অঞ্চলটিতেই মৃত ও আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এখন পর্যন্ত গোটা চীনে ভাইরাসটিতে মারা গেছে ২৭৮৮ জন। আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৮২৪ জন।
অ্যান্টার্কটিকা ছাড়া বাকি সব মহাদেশে ছড়িয়ে পড়ছে কভিড-১৯। চীনের বাইরে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে ইরানে। সেখানে মারা গেছে ২৫ জন।
ইরানের সঙ্গে যাত্রীবাহী বিমান চলাচল সীমিত করেছে নিউজিল্যান্ড। এর আগে দেশটির সঙ্গে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ বিমান চলাচল ও সীমান্ত বন্ধ করে দেয়। তবে মানবিক বিবেচনায় জীবন রক্ষাকারী জরুরি পণ্যের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে।
কুয়েত, ইরাক, মিসর, বাহরাইন, ওমান, ইসরায়েল, লেবাননেও সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে দেশগুলোর কর্তৃপক্ষ। কুয়েতে ৪৩, বাহরাইনে ৩৩ এবং আরব আমিরাতে আক্রান্তের সংখ্যা ১৯ জন। করোনা আতঙ্কে ওমরাহ হজ, মসজিদে নববী পরিদর্শন ও টুরিস্ট ভিসা বাতিল করেছে সৌদি আরব।
সংক্রমণের দিক দিয়ে আতঙ্কে আছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে এখন পর্যন্ত ২০২২ জন। এ ছাড়া ইতালিতে মারা গেছে ১৭ জন, আক্রান্ত ৬৫৫। দেশটিতে অন্তত ১২টি শহর অবরুদ্ধ করে রাখা হয়েছে।
জাপানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১৪ জন। এখন পর্যন্ত মারা গেছে ৪ জন। হংকংয়ে আক্রান্ত ৯৩ জন, মৃতের সংখ্যা ২। তাইওয়ান ও ফিলিপাইনে মারা গেছে একজন করে।
ইতালির পর ইউরোপেও আতঙ্ক সৃষ্টি করেছে করোনাভাইরাস। ফ্রান্সে মারা গেছে দুজন, আক্রান্তের সংখ্যা ৩৮ জন। জার্মানিতে আক্রান্ত ৪৮, স্পেনে ২৫ এবং যুক্তরাজ্যে ১৬ জন।
এদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রেও ঢুকে পড়েছে ভাইরাসটি। দেশটিতে আক্রান্ত ৬০ জন। কানাডায় সংক্রমণ ঘটেছে ১৪ জনের দেহে।
এ ছাড়াও নাইজেরিয়া, ব্রাজিল, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ম্যাকাউ, ভিয়েতনাম, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, রাশিয়া, গ্রিস, আফগানিস্তান, লিথুনিয়া, কম্বোডিয়া, নর্থ আয়ারল্যান্ড, নরওয়ে, আলজেরিয়া, জর্জিয়া, নেপাল, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ডেনমার্ক, রোমানিয়া, ইস্তোনিয়াসহ আরও কয়েকটি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।
