অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে জাভেদ হুসেনের অনুবাদে ‘আহমদ ইলিয়াসের নির্বাচিত কবিতা’।
বর্তমানে বাংলাদেশে উর্দু সাহিত্যের প্রধানতম কবি আহমদ ইলিয়াস। কয়েক যুগ ধরে উর্দু ভাষায় কাব্যচর্চা করে যাচ্ছেন তিনি। তার নির্বাচিত কবিতার অনুবাদ সংকলন এটি।
বইটি প্রকাশ করেছে প্রথমা। প্রচ্ছদ মাসুক হেলাল। গায়ের দাম রাখা হয়েছে ২২০ টাকা। মেলায় প্রথমার স্টলে (প্যাভিলিয়ন-১৫) বইটি পাওয়া যাচ্ছে।
অনুবাদ জাভেদ হুসেন বইটি প্রসঙ্গে বলেন, ‘অমীমাংসিত অতীত আসলে অতীত হতে পারে না। ভারতবর্ষের যে ভাগ আজকেও রক্ত ঝরাচ্ছে দিল্লি, আসামে,,, সেই সত্যকে বাংলাদেশের একজন কবি কবিতায় তুলে ধরছেন। আমাদের সহনাগরিক তিনি। দেশভাগের সাহিত্য উর্দুতে আলাদা শাখা তৈরি করেছে। কিন্তু কবিতায় তা এসেছে ক্ষণিক নস্টালজিয়া হয়ে প্রধানত। এক জীবনে তিন দেশের নাগরিক আহমদ ইলিয়াস এই সাহিত্যে নতুন এক মোড় দিয়েছেন। উপনিবেশ পরবর্তী জাতি রাষ্ট্রের মঞ্চে মানুষের স্থান কোথায় - এই প্রশ্ন তিনি তীক্ষ্ণভাবে হাজির করেছেন। এই পত্র পল্লবহীন বৃক্ষের কাছে ক্লান্ত পাখি প্রশ্ন তো করবেই।’
জাভেদ হুসেনের জন্ম ১৯৭৬ সালে, কুমিল্লায়। কর্মসূত্রে থাকেন ঢাকায়। উর্দু-ফারসি সাহিত্য বিষয়ে তার অগাধ আগ্রহ। মির্জা গালিব, মীর তকি মীর, ফয়েজ আহমেদ ফয়েজ নিয়ে বলে যেতে পারেন অনর্গল। প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তাদের কবিতা নিয়ে।
উর্দু ও ফারসি সাহিত্য বিষয়ে তার প্রকাশিত বইগুলো হলো: মনসুর হাল্লাজের কবিতা, ধ্রুপদি উর্দু কবিতা, ফয়েজ আহমদ ফয়েজের কবিতা, বধ্যভূমির উৎসব (আহমদ ফারাজের কবিতা), মীর তকি মীর গজল থেকে, সারমাদ শহীদের রুবাইয়াত, কালো সীমানা-সাদাত হাসান মান্টো, জান-এ-গালিব, মির্জা গালিবের গজল।
সোভিয়েত পরবর্তী সময়ে মার্ক্সীয় রাজনীতির সঙ্গে যুক্ত হন জাভেদ হুসেন। সেই সূত্রে কাজ করে যাচ্ছেন মার্ক্সীয় দর্শন নিয়েও। এই বিষয়ে তার প্রকাশিত বইগুলো হলো: ডক্টরাল থিসিস - কার্ল মার্কস, ইহুদী প্রশ্নে-কার্ল মার্কস, জার্মান ভাবাদর্শ-কার্ল মার্কস, মার্কস ও মুক্তি-টেরি ইগলটন, ইকোনমিক এন্ড ফিলোজফিক ম্যানুসক্রিপ্ট-কার্ল মার্কস, মার্কস আসলে যা বলেছিলেন-আর্নস্ট ফিশার, মার্কসের সমাজ তত্ত্ব ও সমাজ দর্শন বিষয়ক রচনা-টম বটোমর, মার্কসের মানুষ-এরিক ফ্রম, সোহতে মার্কস-হাওয়ার্ড জিন, হাউ টু রিড মার্কস-পিটার অসবর্ন।
