গুগল প্লের প্রতিদ্বন্দ্বী হুয়াওয়ে অ্যাপ গ্যালারি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৫ পিএম

গুগলের সঙ্গে বিচ্ছেদের পর নানাভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। কয়েক মাস ধরে তারা নিজস্ব অ্যাপ গ্যালারি আরও ‘সুরক্ষিত এবং নিরাপদ’ করতে চাইছে। যাতে ব্যবহারকারীরা আকৃষ্ট হন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের অ্যাপ গ্যালারিতে এখন ৫৫ হাজারের বেশি অ্যাপ রয়েছে। সেখানে কাজ করছেন ১৩ লাখ ডেভেলপার ও ৩ হাজার প্রকৌশলী।

অ্যাপ গ্যালারিকে সমৃদ্ধ করতে ইতিমধ্যে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, হুয়াওয়ের অ্যাপ গ্যালারি দিনে দিনে গুগল প্লে স্টোরকে আরও টেক্কা দেবে।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেসের গ্লোবাল পার্টনারশিপ ও ইকো-ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট ওয়াং ইয়ানমিন বলেন, ‘স্মার্টফোন ব্যবহার অভিজ্ঞতার মূলেই রয়েছে অ্যাপ্লিকেশন বা অ্যাপস। ৫জির যুগে অ্যাপ মার্কেটপ্লেস এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন অ্যাপস মার্কেটপ্লেসের ওপর পরিচালিত একটি গবেষণা থেকে দেখা যায়,  গ্রাহকেরা এখন মূলত অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি সচেতন। বিশ্বব্যাপী নানা ডেভেলপারদের সঙ্গে নিয়ে হুয়াওয়ে এরকম একটি নিরাপদ ও সুরক্ষিত ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়তা করতে পারে যা থেকে বিশ্বব্যাপী গ্রাহক ও ডেভেলপার উভয় উপকৃত হবে।’

ম্যাপস কিট, মেশিন লার্নিং কিট, স্ক্যান কিট, অ্যাকাউন্ট কিট, পেমেন্টস কিটসহ এইচএমএসের কোর কিট সংখ্যা এখন ২৪।

হুয়াওয়ের দাবি, অ্যাপ গ্যালারিতে গত বছর প্রতি মাসে গড় ব্যবহারকারী ছিল ৪ লাখ।

তারা জানায়, বিশ্বব্যাপী ডেভেলপাররা এইচএমএস ইকোসিস্টেমে যুক্ত হচ্ছে এবং তাদের অ্যাপস অ্যাপ গ্যালারিতে উন্মুক্ত করছে, যা বিশ্বব্যাপী গ্রাহকদের সমন্বিতভাবে উন্নততর অভিজ্ঞতা দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত