সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে বাশার আল-আসাদের অনুগত বাহিনীর বিমান হামলায় তুরস্কের অন্তত ৩৪ সেনা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার শহরটির একটা অংশ দখলে নেওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এদিকে হামলার জবাবে তুরস্কও সিরিয়ার সরকারি বাহিনীর বিভিন্ন স্থাপনায় স্থল ও বিমান হামলা চালালে অন্তত ১৮ সিরিয়ার সেনা নিহত হয়েছেন বলে দাবি মনিটর ডটকমের।
বিবিসি বলছে, রাশিয়ার সহযোগিতায় আসাদ বাহিনী বিরোধীদের হাত থেকে ইদলিবের নিয়ন্ত্রণ নিতে গত কয়েক দিন ধরেই হামলার পরিমাণ ও তীব্রতা বাড়িয়ে চলছে। বৃহস্পতিবারের হামলা তারই নজির।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তুরস্কের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করার পরপরই ইদলিবে আসাদ বাহিনীর বিমান হামলার খবর পাওয়া যায়।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার ও ঊর্ধ্বতন সামরিক কমান্ডাররা পরে সিরিয়ার সীমান্ত থেকে আসাদ বাহিনীর বিভিন্ন স্থাপনায় স্থল ও বিমান হামলার নির্দেশনা দেন।
সিরীয় বাহিনী হামলা চালালে তার প্রত্যুত্তর দেওয়া হবে বলে এরদোয়ান আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন। তুরস্কের এ প্রেসিডেন্টের চাওয়া ছিল, আসাদ বাহিনী ইদলিবে অভিযান চালালেও তারা যেন আঙ্কারার পর্যবেক্ষণ পোস্টগুলো থেকে দূরে থাকে।
এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইদলিব পরিস্থিতিতে ‘গভীর উদ্বেগ’ জানিয়ে সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন।
