ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে (২০২০-২১) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সিনিয়র সহ-সভাপতিসহ ১৩টি পদে বিজয়ী হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী মুন্সি ফখরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
এর আগে গত বুধ ও বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ হয়। এতে ১৮ হাজার ১৫০ জন ভোটারের সর্বমোট ৯ হাজার ২৯৯ জন আইনজীবী ভোট দেন।
বিএনপি সমর্থিত নীল প্যানেলের বিজয়ীরা হলেন- সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান, কোষাধ্যক্ষ আবদুল আল মামুন, অফিস সম্পাদক এইচএম মাসুম। নীল প্যানেলের বিজয়ী সদস্যরা হলেন- ইয়াছিন মিয়া, মো. আবদুল বাসেত রাখী, কাজী আফরোজা সুলতানা আজহার উদ্দিন, মো. তানভীর হাসান সোহেল ও সাদেকুল ইসলাম ভূঁইয়া।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের বিজয়ীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আবদুল কাদের, সহ-সভাপতি ইমাম হোসেন মঞ্জু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এ কে এম হাবিবুর রহমান চুন্নু, সহ-সাধারণ সম্পাদক শিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান, লাইব্রেরি সম্পাদক মো. আতাউর রহমান খান, সাংস্কৃতিক সম্পাদক তাসলিমা আক্তার রীতা, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম সুমন ও সমাজকল্যাণ সম্পাদক শায়লা পারভিন পিয়া।
সাদা প্যানেলের বিজয়ী সদস্যরা হলেন- সাব্বির হোসেন, মেহেদী হাসান, এ এইচ এম শফিকুল ইসলাম সোহাগ, এ বি এম ফয়সাল সারোয়ার ও সাইফুল ইসলাম।
ঢাকা আইনজীবী সমিতির গতবারের নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) সংখ্যাগরিষ্ঠতা পায়।
