ট্রাম্পকে শক্ত চ্যালেঞ্জ বাইডেনের

আপডেট : ০১ মার্চ ২০২০, ১০:৫৫ পিএম

আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে শক্ত চ্যালেঞ্জ জানানোর জ্বালানি পেয়ে গেছেন জো বাইডেন। গত শনিবার তিনি কৃষ্ণাঙ্গ-অধ্যুষিত সাউথ ক্যারোলাইনা প্রাইমারিতে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন। এর ফলে বাইডেন ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড়ের মূল প্রতিদ্বন্দ্বিতায় ফিরে এসেছেন। সঙ্গে তার প্রচারণা শিবিরও প্রাণ পেয়েছে।

বিবিসি বলছে, ক্যারোলাইনায় সাবেক এই ভাইস প্রেসিডেন্ট ডেমোক্র্যাট ভোটারদের ৪৮ দশমিক ৪ শতাংশের সমর্থন পেয়েছেন। এত দিন মনোনয়ন দৌড়ে এগিয়ে যাওয়া ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স এখানে ১৯ দশমিক ৯ শতাংশের সমর্থনে দ্বিতীয় হয়েছেন। অবশ্য চার অঙ্গরাজ্যের লড়াই শেষে ডেলিগেট সংখ্যা বিবেচনায় তিনিই শীর্ষে। প্রথম তিন অঙ্গরাজ্যের ককাস ও প্রাইমারিতে খুব কম ভোট পেলেও ক্যারোলাইনা দিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন বাইডেন।

আগামী মঙ্গলবার ‘সুপার টুইসডে’তে একসঙ্গে ১৪টি অঙ্গরাজ্যে ভোট হবে। এরপরই দলীয় মনোনয়ন দৌড়ে প্রার্থীদের অবস্থান স্পষ্ট হবে। চূড়ান্ত মনোনয়ন পেতে হলে প্রার্থীদের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসের মোট ৩ হাজার ৯৭৯ প্রতিনিধির মধ্যে অন্তত ১ হাজার ৯৯১ জনের সমর্থন পেতে হবে। কেউ এই সংখ্যক সমর্থন না পেলে জুলাইয়ে ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে ডেলিগেট ও সুপার ডেলিগেটরা প্রার্থী চূড়ান্ত করবেন।

বাইডেন এ নিয়ে তৃতীয়বার ডেমোক্র্যাটের মনোনয়ন পাওয়ার জন্য লড়ছেন। তিন অঙ্গরাজ্যে খারাপ করার পর তিনি সাউথ ক্যারোলাইনার দিকে তাকিয়ে ছিলেন। প্রভাবশালী আফ্রিকান-আমেরিকান কংগ্রেস সদস্য জেমস ক্লাইনার এখানে সমর্থন দিলে, তার প্রচারে হাওয়া লাগে। সুপার টুইসডেতে ভালো ফলের প্রত্যয় ব্যক্ত করে বাইডেন বলেন, ‘কয়েক দিন আগেও গণমাধ্যম এবং পণ্ডিতরা আমাদের প্রচারণাকে মৃত ঘোষণা করেছিল। এখন ধন্যবাদ দিচ্ছি আপনাদের, যারা ডেমোক্রেটিক পার্টির হৃদয়, তাদের কারণে আমরা জিতেছি। আমরা বড় ধরনের জয় পেতে যাচ্ছি।’ স্যান্ডার্সের নাম না নিলেও তিনি খোঁচা দেন, ‘বেশির ভাগ আমেরিকান বিপ্লবের প্রতিশ্রুতি চান না। তারা তার চেয়েও বেশি কিছু চান, ফল চান। বড় জয় বা হার যা-ই হোক, এটিই মানুষের পছন্দ।’

ক্যারোলাইনায় সবচেয়ে ভালো করে তৃতীয় হলেও ধনকুবের টম স্টেয়ার মনোনয়ন লড়াই থেকে ছিটকে গেছেন বলে মনে করা হচ্ছে। অন্যান্য প্রার্থীর মধ্যে পিট বুটিগিগ সাউথ ক্যারোলাইনায় চতুর্থ, এলিজাবেথ ওয়ারেন পঞ্চম ও অ্যামি ক্লবুচার ষষ্ঠ হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত