ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) হিসেবে গঠনতান্ত্রিক মেয়াদ শেষ হওয়ার পর ক্যাম্পাসে থাকলে নুরুল হক নুরকে গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মী প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নুর এক লিখিত অভিযোগে এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে। প্রক্টর বলেছেন, ছাত্রলীগের ওই কর্মীর মানসিক সমস্যা থাকতে পারে।
প্রক্টরের কাছে দেওয়া লিখিত অভিযোগে নুর বলেছেন, ‘ডাকসু ক্যাফেটেরিয়া ও কলা ভবনের সামনে দিয়ে হেঁটে আসার সময় আদনান আহমেদ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ১১ মার্চের পর (ডাকসু নির্বাচনের বর্ষপূর্তি) ক্যাম্পাসে থাকলে মেরে ফেলার হুমকি দেয়। গালিগালাজ ও হুমকির একপর্যায়ে সে আমাকে ধাক্কা দেয় এবং আমার সঙ্গে থাকা শিক্ষার্থী শাকিল মিয়াকে মারধর করে। গত বছরের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে আদনান আমাদের ওপর হামলা চালিয়েছিল। এমন পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জোরালো অনুরোধ জানাচ্ছি।’ নুর প্রক্টর কার্যালয়ে অভিযোগ জানাতে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের কর্মী আদনানও সেখানে যান। তিনি ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন।
