ইসরায়েলে এক বছরেরও কম সময়ের মধ্যে গতকাল সোমবার তৃতীয়বারের মতো সাধারণ নির্বাচনের ভোট হয়েছে। প্রধানমন্ত্রী পদে আগের দুবারে লিকুদ পার্টির বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রতিদ্বন্দ্বী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির বেনি গান্টজৎ কেউই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। পরে প্রেসিডেন্ট রুভিন রিভলিন আহ্বান জানালেও তারা শরিকদের নিয়ে যৌথ সরকার গঠনে ব্যর্থ হন। ফলে চূড়ান্ত বিকল্প হিসেবে ভোটগ্রহণ করা হলো।
বিবিসি বলছে, দুই সপ্তাহ আগেই নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গঠন করা হয়। আগামী ১৭ মার্চ তাকে আদালতে হাজির হতে হবে। এরপরও জয় নিয়ে আশাবাদী নেতানিয়াহু কভিড-১৯ আতঙ্ক উপেক্ষা করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোস হাইয়ান শহরে ভোট দিয়ে বেনি গান্টজৎ বলেন, ‘এখন আমরা আরও ঐক্যবদ্ধ। আশা করছি ভোটাররা দুর্নীতি ও মিথ্যাবাদীদের রুখে দিয়ে পরিবর্তন আনবেন।’
গত বছরের এপ্রিলে প্রথম ও সেপ্টেম্বরে দ্বিতীয় দফায় ভোট হয়। দেশটির প্রেসিডেন্ট অস্থিতিশীল পরিস্থিতির নিরসন চেয়ে বলেন, ‘নির্বাচন উৎসবের হলেও আমি তা অনুভব করছি না। বারবার ভোট করায় আমি জনগণের কাছে লজ্জিত।’
