বরিশাল নগরীর বটতলা এলাকায় আগুনে পুড়ে গেছে ২০টি ছোট-বড় ঘর। গতকাল সোমবার দুপুর ২টার দিকের অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিন ভোরে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড সুপার মার্কেটে ভয়াবহ আগুনে ৩৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, দুপুর ২ টার দিকে নগরীর বটতলা এলাকার শরীফ বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ওই বাড়ির ২০টি ঘর পুড়ে যায়। আগুনের কারণ অনুসন্ধানে কাজ চলছে।
ফারুক আরও জানান, ভোররাতে গৌরনদী বাসস্ট্যান্ড সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই মার্কেটের ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি আরও ১৪টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই মার্কেটের জনৈক মো. মুজামের চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
