আগামী ২৯ মার্চ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ভেদাভেদ ভুলে একাট্টা হয়েছে দলটি। গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথ সভায় নেতাকর্মীরা এ প্রত্যয় ব্যক্ত করেন।
গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা মুন্সি ছাড়াও বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম ম-ল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ছোটভাকলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মিয়া এবং বিএনপি মনোনীত মাহবুব আলম শাহিন। এর আগে এ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিলেও গত ১ মার্চ বাছাইয়ে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অরূপ দত্ত হলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি কাকলী নজরুল প্রমুখ।
সভায় সব ভেদাভেদ ভুলে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের ওয়ার্ড নেতা থেকে শুরু করে উপজেলা ও জেলার নেতারা বক্তব্য রাখেন।
