হঠাৎ করেই অসুস্থ হয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ তার পরিবারের সাতজন সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরে বিকেল ৪টার সময় স্থানীয় পুলিশের সহযোগিতায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
অসুস্থরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অপূর্ব কুমার রায়, তার স্ত্রী মনজু রানী রায়, তার নাতি শুভ, যুবরাজ, প্রলয় মিথি ও বাড়ির কাজের লোক তৈল্য কুমার রায়। তারা বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এদিকে সাবেক চেয়ারম্যানের বাড়ির তিনটি কুকুর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ইতোমধ্যে দুটি পালিত কবুতর মারা গেছে।
এর আগে ঘটনা জানার পর ওই বাড়িতে প্রবেশ করতে সাহস পায়নি প্রতিবেশীরা। পরে পুলিশ ও মেডিকেল টিম গিয়ে তাদের উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, সকাল থেকেই বাড়ির কুকুর দুটি অসুস্থ। স্থানীয় চিকিৎসক ডেকে কুকুর দুটিকে ইনজেকশন দেওয়া হয়েছে।
তারা জানান, দুপুরে খাওয়া-দাওয়ার পর বাড়ির লোকজন একে একে অসুস্থ হতে শুরু করে। তবে কেন অসুস্থ হচ্ছে এর কারণ সঠিক কেউ জানাতে পারেনি।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু সাদাৎ রুপক জানান, খাবার পানিতে অথবা খাবারে চেতনানাশক মিশিয়ে খাওয়ানোর কারণে এমনটা হতে পারে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাশেম জানান, ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠিয়ে অ্যাম্বুলেন্সে করে রোগীদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) ইশাহাক আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মেডিকেল টিম ডেকে অসুস্থ রোগীদের হাসপাতালে পাঠানো হয়েছে। কেন এমন ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।
