নাটোরের সিংড়ায় বাহাদুরপুর উচ্চবিদ্যালয়ে জাতীয় সংগীত গাওয়ার সময় এক ছাত্রকে মারপিট করায় খোকন (৩৫) নামে এক অভিভাবককে আটক করেছে পুলিশ। খোকনের বাড়ি হোলাইগাড়ী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার খোকন হোসেনের ছেলে নবম শ্রেণির ছাত্র রাব্বির সঙ্গে সহপাঠী জাহাঙ্গীর হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার খোকন স্কুলে ঢুকে জাহাঙ্গীর হোসেনকে মারধরু করেন। এতে ছাত্রছাত্রীরা ক্ষিপ্ত হয়ে ক্লাস বর্জন করে। পরে খবর পেয়ে সিংড়া থানার পুলিশ খোকনকে থানায় নিয়ে আসে।
স্কুলের প্রধান শিক্ষক আবদুস সাত্তার জানান, স্কুলে অ্যাসেম্বলি চলাকালে ছাত্রকে মারপিট করায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে অবহিত করে ওই অভিভাবককে কক্ষে রাখা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি ও চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা বলেন, শিক্ষার্থীরা ওই অভিভাবককে আটক করে শািস্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ করতে থাকে।
সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনা শোনার পরে পুলিশ পাঠানো হয়। তাকে আটক করে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
