এমপির পিএস পরিচয়ে হজের নামে প্রতারণার চেষ্টা

আপডেট : ০৫ মার্চ ২০২০, ১২:০০ এএম

সংসদ সদস্যের (এমপি) পিএস পরিচয় দিয়ে পঞ্চগড়ের কয়েকজন মাদ্রাসা শিক্ষককে বিনা খরচে হজে পাঠানোর কথা বলে একটি মোবাইল ফোন থেকে টাকা চাওয়া হয়েছে। পরে ওই শিক্ষকরা পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি প্রতারণা বলে তিনি সবাইকে সতর্ক করেছেন।

এ ব্যাপারে গতকাল বুধবার দুপুরে সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন মাদ্রাসা শিক্ষকরা। পুলিশ এবং ওই শিক্ষকরা জানায় বুধবার সকালে সদর উপজেলার ৬টি মাদ্রাসার অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের মোবাইল ফোনে ০১৯০৩৯৪৯০৬১ নম্বর থেকে ফোন করে এক ব্যক্তি নিজেকে পঞ্চগড়-১ আসনের সাংসদের পিএস পরিচয় দিয়ে বলেন, প্রত্যেক মাদ্রাসার একজন শিক্ষককে সরকারিভাবে হজে পাঠানো হবে। এ জন্য প্রতিষ্ঠানের প্রধান অথবা মনোনীত যেকোনো একজন শিক্ষকের নাম ঠিকানা পাঠাতে বলা হয়। সেইসঙ্গে ওই মোবাইল নম্বরে ৭৭০০ টাকা পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে বলা হয়। এতে সন্দেহ হলে খান বাহাদুর মখলেছুর রহমান আলিম মাদ্রাসার অধ্যক্ষ সংসদ সদস্য মজাহারুল হক প্রধানকে জানালে তিনি বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রতারণামূলক বলে জানান এবং শিক্ষকদের থানায় জিডি করার নির্দেশ দেন।  পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাস আহমদ জানান, ‘এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত