পঞ্চগড়ে ইজতেমা মাঠ থেকে রোহিঙ্গা যুবক আটক

আপডেট : ০৫ মার্চ ২০২০, ১০:২৯ এএম

পঞ্চগড়ের বোদা উপজেলার মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নগরে মোস্তফা কামাল (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে দিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। তাবলীগ জামায়াতের সাদ গ্রুপের তিন দিনব্যাপী ইজতেমা মাঠ থেকে তাকে আটক করা হয়।

বুধবার বিকেলে ইজতেমা মাঠে ওই যুবক অসংলগ্ন কথাবার্তা বলায় তাকে জিজ্ঞাসাবাদ করে এনএসআই সদস্যরা। পরে ওই রোহিঙ্গা যুবক নিজের পরিচয় স্বীকার করলে তাকে আটক করে বোদা থানা-পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১২তে থাকতেন তিনি। তার বাবার নাম কাশেমি। মিয়ানমারের মংরায় বাড়ি ছিল তাদের। ক্যাম্প থেকে গত ৬ ফেব্রুয়ারি পালিয়ে তিনি উখিয়ার ৫ জনের একটি তাবলীগ জামায়াতের সঙ্গে ঢাকায় আসেন।

ঢাকায় জামায়াত বন্দী হয়ে ২০ দলের একটি দলের সঙ্গে ১০ ফেব্রুয়ারি পঞ্চগড়ে আসেন। তারপর পঞ্চগড়ের বিভিন্ন মসজিদে সাদপন্থী তাবলীগ জামায়াতের সঙ্গে ঘুরে বুধবার সকালে বোদা উপজেলার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নগরে তিন দিনব্যাপী ইজতেমায় যোগ দেন।

বিকেলে ইজতেমা মাঠে মোস্তফা কামালের কথাবার্তা অসংলগ্ন দেখে দায়িত্বরত এক এনএসআই সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় স্বীকার করে। পরে তাকে আটক করে বোদা থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বোদা থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান ওই রোহিঙ্গা যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে থানা হাজতে রাখা হয়েছে। পুলিশি প্রহরায় তাকে উখিয়া কুতুপালং ক্যাম্পে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত