রংপুরে ১৩০ বছরের ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালের ১৭০ জন দখলদারকে চিহ্নিত করে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। খাল দখলমুক্ত ও দূষণমুক্তকরণসহ নগরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রংপুর নগরীর ধাপ চেকপোস্ট থেকে এ অভিযান শুরু হয়।
উচ্ছেদ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শেষে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, খালের হাল জরিপে ১৭০ অবৈধ দখলদারকে চিহ্নিত করা হয়। উচ্ছেদ শুরুর আগে তাদের স্থাপনা সরিয়ে নিতে নোটিস দিয়ে অবগত করা হয়েছে। রংপুর নগরের সৌন্দর্য বৃদ্ধি ও আগামী প্রজন্মকে সুন্দর নগরী উপহার দিতে হলে আগে শ্যামাসুন্দরী খালকে বাঁচাতে হবে। এ খাল পুনরুজ্জীবন ও সচল হলে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থায় গতি আসবে।
উচ্ছেদ অভিযানে রসিকের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ মোহাম্মদ ফয়েজুল আলম, পানি উন্নয়ন বোর্ডর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, রসিকের নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, ভূমি কমিশনার ছন্দা পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
