দিল্লির সহিংসতায় আরএসএস-পুলিশকে দায়ী করায় ‘নিষিদ্ধ’ দুই চ্যানেল

আপডেট : ০৭ মার্চ ২০২০, ১১:২১ এএম

সম্প্রতি ঘটে যাওয়া দিল্লি সহিংসতায় এক সম্প্রদায়ের পক্ষ অবলম্বন এবং আরএসএস ও পুলিশের লাগাতার সমালোচনার দায়ে দুটি ইলেকট্রনিকস মিডিয়াকে নিষিদ্ধ করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মালায়ালাম সংবাদমাধ্যম এশিয়ানেট নিউজ ও মিডিয়া ওয়ান নিউজকে শুক্রবার সন্ধ্যা থেকে ৪৮ ঘণ্টার জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে মন্ত্রণালয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তরফে জানানো হয়েছে যে, এই দুই সংবাদমাধ্যমেই দিল্লির খবর পরিবেশনার সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে এক সম্প্রদায়ের পক্ষ অবলম্বন করেছে। এ ছাড়া বারংবার সহিংসতার জন্য দায় চাপানো হয়েছে দিল্লি পুলিশের নিষ্ক্রিয়তা ও আরএসএসের ওপর।

মিডিয়া ওয়ান নিউজের বিরুদ্ধে মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়েছে, “সহিংসতার জন্য আরএসএসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, নিষ্ক্রিয়তার দায়ে কাঠগড়ায় তোলা হয়েছে দিল্লি পুলিশকে। পাশাপাশি সিএএ সমর্থনকারীদের ভাঙচুরের ভিডিও উদ্দেশ্য প্রণোদিতভাবে দেখানো হয়েছে। তাই এই টিভি চ্যানেলটিকে ৪৮ ঘণ্টার জন্য নিষিদ্ধ করা হলো।”

এশিয়ানেট নিউজ ও মিডিয়া ওয়ান নিউজ চ্যানেল ১৯৯৫ সালের কেবল টিভি আইনের নিয়ম লঙ্ঘন করেছে বলে নির্দেশে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২৮ ফেব্রুয়ারি দুটি চ্যানেলকেই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। ৩ মার্চের মধ্যে তাদের জবাব পর্যালোচনা করা হয়। তারপরই আসে নিষেধাজ্ঞার ঘোষণা।

এই নির্দেশের পরই তুমুল বিতর্ক শুরু হয়। প্রশ্ন ওঠে নরেন্দ্র মোদি সরকার কী সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করছে?

মিডিয়া ওয়ানের সম্পাদক সি এল থমাস কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে ‘সংবাদমাধ্যমের স্বাধীনতায় বৃহৎ আক্রমণ’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, “ভারতের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি। জরুরি অবস্থায় সংবাদমাধ্যমের ওপর কিছু বিধিনিষেধ ছিল। কিন্তু, বর্তমানে দেশে জরুরি অবস্থা চলছে না। দেশের অন্যান্য সংবাদমাধ্যম যাতে সরকারের সমালোচনা না করে সেই সতর্কবার্তাই এই দুই চ্যানেল নিষিদ্ধ করে তুলে ধরা হলো।”

ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানায়, মিডিয়া ওয়ান চ্যানেলটি মধ্যমাম ব্রডকাস্টিং লিমিটেডের মালিকানাধীন, যা জামাত-ই-ইসলামি সমর্থিত। অন্যদিকে, এশিয়ানেট নিউজ পরোক্ষভাবে পরিচালনা করেন রাজ্যসভার বিজেপি সংসদ সদস্য রাজীব চন্দ্রশেখর। অবশ্য নিষিদ্ধ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের দেখা যাচ্ছে এশিয়ানেট নিউজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত