কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর শরীরে নভেল করোনাভাইরাস আছে বলে হইচই শুরু করেছে ভারতের কয়েকটি বিরোধী দল। তারা রাহুল এবং তার পরিবারকে ডাক্তারি পরীক্ষা করানোর আহ্বান জানান। এমন আলোচনার ভেতর কংগ্রেস জানাতে বাধ্য হয়েছে, পরীক্ষায় তার শরীরে কোনো সংক্রমণ ধরা পড়েনি।
রাহুল সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন। আর সেটিকেই ইস্যু করে নজিরবিহীন আক্রমণ করছেন কয়েক জন বিতর্কিত রাজনীতিবিদ।
দেশটির রাষ্ট্রীয় লোকহিত পার্টির সাংসদ বেনিওয়ালের দাবি ছিল, ইতালিতে করোনা ছড়াচ্ছে। সে কারণেই ইতালি-ফেরত রাহুল গান্ধীর সংক্রমণ হয়েছে কিনা তা পরীক্ষা করা উচিত।
বিজেপির এই বিদ্রূপের পর শুক্রবার আসরে নামে কংগ্রেস নেতৃত্ব। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ২৯ ফেব্রুয়ারি ইতালি থেকে ফেরার পরে দিল্লি বিমানবন্দরে রাহুল গান্ধীকেও করোনা সংক্রমণের পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষার জন্য আধ ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়াতে হয় তাকে।
করোনা ইস্যুতে শুরু থেকেই সরব রাহুল। ইতিমধ্যে বার দু’য়েক করোনা নিয়ে সরকারের ভূমিকায় অসন্তোষও দেখিয়েছেন তিনি।
