ঢাকায় অপহরণের ৩ দিন পর মাদ্রাসা ছাত্রের লাশ গাজীপুরে উদ্ধার

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০৭:৩১ পিএম

রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকা থেকে অপহরণর তিন দিন পর মাদ্রাসা ছাত্র ইব্রাহিমের (১০) মরদেহ গাজীপুর মহানগরীর মিররগাঁও এলাকা থেকে উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পুলিশ।

নিহত  ইব্রাহিম হাজারীবাগ এলাকার মনির হোসেনের ছেলে। হাজারীবাগ এলাকার ইকরা ক্যাডেট মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল ইব্রাহিম । তাদের গ্রামের বাড়ি বরগুনা সদরের শষাতলা গ্রামে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া জানান, শনিবার সকালে সিটি করপোরেশনের মিরেরগাঁও এলাকায় রেললাইনের পাশে মাদ্রাসার ছাত্র ইব্রাহিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই মাদ্রাসার ছাত্রকে অপহরণের পর অপহরণকারীরা শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে  বলে ধারণা করা হচ্ছে।

নিহতের বাবা মনির হোসেন জানান, তিনি হাজারীবাগ এলাকায় বসবাস করে ফুটপাতে ক্ষুদ্র ব্যবসা করেন। গত ৫ মার্চ সকাল সোয়া সাতটার দিকে মাদ্রাসায় যায় ইব্রাহিম। মাদ্রাসায় জোহরের নামাজ আদায় করে সে। এরপর পৌনে দুইটায় সে মাদ্রাসা থেকে বাসার উদ্দেশ্যে বের হয়। এরপর সে আর বাসায় ফেরেনি। এ ঘটনায় শুক্রবার সকালে হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

শনিবার সকালে গাজীপুর থেকে জনৈক ব্যক্তি তার ছেলের পাঞ্জাবির পকেট থেকে মাদ্রাসার আইডি কার্ডে থাকা মোবাইল নম্বর নিয়ে তাকে ফোন করে জানায় তার ছেলের লাশ গাজীপুর সিটি করপোরেশনের মীরেরগাঁও রেল লাইনের পাশে পড়ে রয়েছে। খবর পেয়ে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে ছেলের লাশ শনাক্ত করেন।

তিনি আরও জানান, অপহরণকারীরা শুক্রবার মোবাইল ফোনের মাধ্যমে তার ছেলের মুক্তির জন্য ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। তিনি বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা অপহরণকারীদের দেন। অপহরণকারীরা মোবাইল ফোনে তার ছেলের সঙ্গে কথা বলায়। এ সময় তার ছেলে কান্না করছিল।

তিনি অভিযোগ করেন, তার ছেলে অপহৃত হওয়ার পর থেকে অপহরণকারীরা তার কাছে মুক্তিপণের টাকা দাবি করতে থাকার বিষয়টি বারবার থানা-পুলিশকে জানালেও তারা অপহৃত ইব্রাহিমকে উদ্ধারে কোন পদক্ষেপ নেয়নি। তারা বিষয়টি র‌্যাবকেও জানিয়েছিলেন। অপহরণকারীদের সঙ্গে অপহৃত ইব্রাহিমের স্বজনদের কথোপকথনের রেকর্ড থানা-পুলিশকে শোনালেও পুলিশ ইব্রাহিমকে উদ্ধারের তড়িৎ কোন ব্যবস্থা নেয়নি।

হাজারীবাগ থানার এসআই আবদুর রহমান জানান, মাদ্রাসা ছাত্র ইব্রাহিম নিখোঁজের বিষয়ে শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করেন ছাত্রটির বাবা মনির হোসেন। এরপর সারা দেশে এর বেতারবার্তা পৌঁছানো হয়। মোবাইল ট্র্যাকিং করে অপহরণকারীদের অবস্থান ডেমরায় দেখানো হয়। অপহরণকারীদের ধরার জন্য অভিযান চলা অবস্থায় শনিবার তারা খবর পান নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমের লাশ গাজীপুর পুলিশ উদ্ধার করে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত