যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে দেওয়া স্বাধীনতার কালজয়ী ভাষণটি গতকাল শনিবার আবার অনুরণন হয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ জেলা উপজেলাজুড়ে। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
খুলনা : ১৯ হাজার ২০০ শিশুবঙ্গবন্ধুর কণ্ঠে ধ্বনিত হয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। ইতিহাস যেন ক্ষণিকের জন্য ফিরে গেল ১৯৭১ সালের ৭ মার্চের সেই মাহেন্দ্রক্ষণে। বঙ্গবন্ধু জনতার মধ্যে এলেন, স্বাধীনতার তীব্র আকাক্সক্ষায় উজ্জীবিত কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা হাত নেড়ে অভিবাদন জানাল তাদের প্রাণপ্রিয় নেতাকে। শুরু হয় সেই কণ্ঠের অনুরণন।
বর্ণাঢ্য আয়োজন, বিপুল উপস্থিতি ও দেশপ্রেমে উজ্জীবিত জনতার বাঁধভাঙা উচ্ছ্বাসে বিভাগীয় শহর খুলনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ পাঠ করে ১২৮ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
রাজশাহী : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। সকালে দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, মুক্তিযোদ্ধা নওশের আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল হুদা রানা প্রমুখ।
গাজীপুর : সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। এছাড়া শিশু একাডেমির উদ্যোগে শিশুদের মাঝে চিত্রাঙ্কন ও ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা এবং জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বঙ্গবন্ধুর ৭ মার্চের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ডুয়েট, জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহ নানা কর্মসূচি পালন করে।
ফরিদপুর : সকালে শহরের থানা রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
ঝিনাইদহ : সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে র্যালি বের করা হয়। এতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। এছাড়া পাঁচ সহস্রাধিক শিক্ষার্থীর কণ্ঠে একসঙ্গে ধ্বনিত হয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণ। সকালে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। তারা বঙ্গবন্ধুর মতো একই ভঙ্গিতে ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ১৯ মিনিটের ভাষণ প্রদান করে।
নড়াইল : শিশুদের চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিশু একাডেমি কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম।
শেরপুর : সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা আওয়ামী লীগ, শেরপুর পৌরসভা, শেরপুর প্রেস ক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
চাঁপাইনবাবগঞ্জ : ৭ মার্চ ও মুজিববর্ষের প্রাক্কালে বাল্যবিবাহ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় একযোগে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার ৫১টি পয়েন্টে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির-উজ-জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
দিনাজপুর : এক সঙ্গে ১ হাজার ৮৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লাখো কণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ পরিবেশন করেছে। বেলা ১১টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতিতে এই ভাষণ পরিবেশন করা হয়। একই সঙ্গে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে লাখো কণ্ঠে উচ্চারণ করা হয় বঙ্গবন্ধুর ভাষণটি।
মাগুরা : জেলা আওয়ামী লীগ শহরের মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
