মেহেরপুরের মুজিবনগর উপজেলায় দোকান থেকে হাত-পা বাঁধা অবস্থায় সুবল চন্দ্র (৬২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সুবলের বাড়ি মহাজনপুর গ্রামে। তিনি মহাজনপুর বাজারে সার-সিমেন্টের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা বলেন, সুবল চন্দ্রের মুজিবনগরের মহাজনপুর বাজারে দোতলা বাড়ি আছে। নিচ তলায় দোকান তার। ওপরের তলায় তিনি পরিবার নিয়ে থাকতেন। রাতে সুবলের স্ত্রী তাকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে নামেন। গিয়ে দেখেন তার স্বামীর হাত-পা বাঁধা, মুখে ও বুকের ওপর সারের দুটি বস্তা এবং পায়ের ওপর গ্যাসের একটি সিলিন্ডার। এ সময় তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। মুজিবনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত সুবল চন্দ্রের ৬ মেয়ে। তাদের সবার বিয়ে হয়ে গেছে।
মুজিবনগর থানার ওসি আবদুল হাশেম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুবলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
