চট্টগ্রামে ওবায়দুল কাদের

করোনাভাইরাসের জন্য সময়ক্ষেপণ হবে না টানেল নির্মাণে

আপডেট : ০৯ মার্চ ২০২০, ০৩:৫৮ এএম

করোনাভাইরাসের জন্য কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (কর্ণফুলী টানেল) নির্মাণকাজের সময়ক্ষেপণ হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রবিবার সকালে বঙ্গবন্ধু টানেল নির্মাণ প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু টানেল নির্মাণ প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারমূলক প্রকল্প। নিজস্ব গতিতে এই প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে। করোনাভাইরাসের জন্য এখন পর্যন্ত এ প্রকল্পের নির্মাণকাজের কোনো ধরনের সময়ক্ষেপণ হচ্ছে না। ২৯৩ জন চীনা নাগরিক এই প্রকল্পে কর্মরত রয়েছেন। এরমধ্যে ৭২ জন ছুটিতে গিয়েছিলেন। সেখান থেকে ইতিমধ্যে ৪৫ জন ফিরে এসেছেন এবং কোয়ারেন্টাইন শেষ করে ২৭ জন কাজে যোগদান করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু টানেল নির্মাণ প্রকল্পটির এখন পর্যন্ত ৫১ শতাংশ কাজ শেষ হয়েছে। নদী বোরিংয়ের কাজ শেষ হয়েছে ১২২৮ মিটার। এই ধারা অব্যাহত থাকলে টানেলটি ২০২২ সালে যান চলাচলের উপযোগী হবে। বঙ্গবন্ধু টানেলের তুলনায় পদ্মা সেতুতে চীনা নাগরিক বেশি কাজ করছেন। এক্ষেত্রে করোনাভাইরাসের জন্য পদ্মা সেতুতে হয়তো সময় কিছুটা ক্ষেপণ হতে পারে।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন নিয়ে এক প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলের সাধারণ সম্পাদক হিসেবে আমার নির্বাচন পরিচালনার দায়িত্ব রয়েছে। চট্টগ্রামে নির্বাচন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বিষয়টা দেখবেন। সমস্যা মনে হলে তারাই সমাধান করে দেবেন। চট্টগ্রামের নির্বাচন চট্টগ্রামেই সমাধানের ব্যবস্থা করা হবে।

এসময় তার সঙ্গে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত