সাবেক স্ত্রীর (২২) অন্তরঙ্গ ছবি ফেইসবুকে ছড়িয়ে দেওয়ায় মামলায় বিরামপুর থানা-পুলিশ আবদুল্লাহ্ আল হাসান (২৬) নামে ওই ভুক্তভোগীর সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে।
সোমবার আসামিকে দিনাজপুর আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করেছে। আবদুল্লাহ্ আল হাসান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বয়রা গ্রামের মো. মামনুর রশীদের ছেলে।
বিরামপুর থানা সূত্রে জানা যায়, ২০১৩ সালে হাসান এবং ওই নারী জয়পুরহাট আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর ওই বছর হাসান চীনে চলে যান। সেখানে গিয়ে আবদুল্লাহ্ আল হাসান নেশাগ্রস্ত হয়ে পড়েন। মাঝে মধ্যে চীন থেকে বাড়িতে এসে হাসান স্ত্রীকে নেশাগ্রস্ত অবস্থায় নির্যাতন করত।
স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ওই নারী ২০১৮ সালের ১৩ আগস্ট হাসানকে তালাক দেন। তালাক দেবার পর থেকে সে ওই নারীকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। স্ত্রী থাকাকালীন সময়ে সে ওই নারীর ধারণকৃত একাধিক ব্যক্তিগত ছবি কিছুদিন আগে একাধিক আইডি থেকে ফেইসবুকে ছেড়ে দেন। এছাড়া মেসেঞ্জারের মাধ্যমে এসব অন্তরঙ্গ ছবি ওই নারীর বন্ধুদের কাছেও পাঠান।
এ ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে রবিবার রাতে বিরামপুর থানায় আইসিটি আইনে মামলা করেন। বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, মামলার পর পুলিশের একটি দল ওই রাতেই আবদুল্লাহ্ আল হাসানকে গ্রেপ্তার করে।
