ফেনীতে ১৬ লাখ মানুষের জন্য ৭০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুতি

আপডেট : ০৯ মার্চ ২০২০, ০৬:৫২ পিএম

করোনাভাইরাসের আগাম প্রস্তুতি হিসেবে ফেনীর ১৬  লাখ মানুষের জন্য জেলায় ৭০ শয্যার আইসোলেশনের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত রোগীদের সেবা দিতে ৯ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

তবে স্বাস্থ্য বিভাগের এ প্রস্তুতিকে অপ্রতুল মনে করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় ফেনীর মহিপালের ট্রমা সেন্টারে ৩০ শয্যা, সোনাগাজীর মঙ্গলকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যা, ফেনী জেনারেল হাসপাতালে ৫ শয্যা ও ফেনীর সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ শয্যা করে আইসোলেশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূত্র জানায়, রবিবার দেশে করোনা রোগী শনাক্তের পর স্বাস্থ্য বিভাগ থেকে জেলায় ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করার নির্দেশনা পাওয়া গেছে। সে অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছেন তারা।

সূত্র আরও জানায়, ফেনীর ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ৫ শয্যার একটি আইসোলেশন কর্নার স্থাপন করেছে কর্তৃপক্ষ। এ কর্নারের যাবতীয় চিকিৎসার জন্য আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল আলম ভূঞার নেতৃত্বে ৯ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জেলায় ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করার নির্দেশনা পাওয়া গেছে। ফেনী জেনারেল হাসপাতালে ৫ শয্যা থেকে বাড়িয়ে ২০ শয্যার আইসোলেশন করার প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে।

তবে তিনি জেলায় বর্তমান প্রস্তুতি অপ্রতুল দাবি করে বলেন, রোগের বিস্তার ও আক্রান্ত রোগীর চাপ অনুযায়ী শয্যা বাড়ানো হবে। এ ক্ষেত্রে তিনি রোগটির সংক্রমণ এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলতে সাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত