করোনা মোকাবিলায় সিলেটে প্রস্তুত ১৫০ শয্যা

আপডেট : ০৯ মার্চ ২০২০, ০৭:১৯ পিএম

করোনাভাইরাস মোকাবিলায় সিলেটের ৩টি হাসপাতালে ১৫০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। ‘করোনাভাইরাসে আক্রান্ত’ এ রকম সন্দেহভাজন কাউকে পাওয়া গেলে এখানে ভর্তি করা হবে।

এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে করোনা মোকাবিলায় একটি মাল্টিসেক্টরাল কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যসচিব সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল এসব তথ্য জানিয়েছেন।

ডা. প্রেমানন্দ জানান, করোনা চিকিৎসার জন্য সিলেট নগরীর চৌহাট্টার শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১০০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতালে ২০টি এবং সিলেট সদর উপজেলার খাদিমপাড়ায় হজরত শাহপরান (রহ.) হাসপাতালের ৩০টি শয্যা প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত সিলেট জেলায় করোনাভাইরাস আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। সিলেটের কানাইঘাটের দুবাই ফেরত এক যুবককে করোনা সন্দেহে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হলেও আইইডিসিআর এর পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পড়েনি। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা দিয়ে সোমবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে করোনাভাইরাস মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে গত রবিবার রাতে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন জানান, সভায় করোনাভাইরাস মোকাবিলায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিদেশফেরত ব্যক্তিদের নিজ বাড়িতে সেলফ কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানানো হয়েছে। বিদেশ থেকে ফেরত আসার পরবর্তী ১৪ দিনের মধ্যে কোন প্রকার উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কিংবা সিভিল সার্জনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত