হাতকড়া খুলে পালিয়েছে অস্ত্র মামলার আসামি

আপডেট : ০৯ মার্চ ২০২০, ১১:১৯ পিএম

আদালতে হাজিরা দিতে এসে কাশিমপুর কারাগার থেকে সোমবার সকালে অস্ত্র মামলার এক আসামি আদালত এলাকা থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছে।

পলাতক আসামি শাহিন আলম সবুজ (৩৫), কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার টেকিপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক মো. আতিকুর রহমান জানান, হাজিরা দিতে সোমবার সকালে কাশিমপুর কারাগার থেকে ২৩ জন এবং গাজীপুর জেলা কারাগার থেকে ২৭ জনসহ মোট ৫০আসামি একটি প্রিজনভ্যানে করে আদালতে নিচ্ছিল পুলিশ। পরে ভ্যান থেকে হাতকড়া পড়া অবস্থায় একত্রে সকলকে নামিয়ে হাজতে নেওয়ার সময় ভিড়ের মধ্যে কৌশলে আসামি সবুজ হাতকড়া খুলে পালিয়ে যায়। হাজতে নেওয়ার পর আসামি গণনাকালে একজন আসামি পাওয়া যায়নি। পরে খোঁজ নিয়ে দেখা গেছে আসামিদের মধ্যে সবুজ নেই।

এরপর পুলিশ তার সন্ধানে পুরো এলাকায় অভিযান শুরু করে। সোমবার বিকেল পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। এ ব্যাপারে গাজীপুর সদর থানায় আসামি পলায়নের একটি মামলা করা হয়।

পুলিশ জানায়, পলাতক আসামির বিরুদ্ধে জয়দেবপুর থানায়  ২০০৯ সালের অস্ত্র আইনে একটি মামলায় সোমবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আদালতে হাজিরা দিতে নেওয়া হচ্ছিল। তার বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানায় ২০১১ সালে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাসহ ২০১৫ সালে রেলওয়ে থানার আরও একটি মামলা রয়েছে।  

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. বাহারুল ইসলাম জানান, আসামি সবুজ গত বছরের ২২ অক্টোবর গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তরিত করা হয়। সোমবার সকালে সবুজসহ তার আদালত থেকে বিভিন্ন মামলার ২৩জন আসামি হাজিরা দিতে প্রিজনভ্যানে করে গাজীপুর মেট্রোপলিটন আদালতে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, ঘটনা তদন্তে অ্যাসিস্ট্যান্ট কমিশনার (প্রসিকিউশন) মো. আহসান হাবীবকে দায়িত্ব দিয়ে এক সদস্যের একটি কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত