করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত সন্দেহে এক ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশন হেলথ ডেস্ক কর্তৃপক্ষ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে ভারতের আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে আসেন তিনি।
এ সময় নো-ম্যান্স ল্যান্ডে ওই ব্যক্তিকে পরীক্ষা করেন ইমিগ্রেশনের অস্থায়ী হেলথ ডেস্কের স্বাস্থ্য কর্মীরা। তার গায়ে বেশি তাপমাত্রা এবং শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে মাস্ক পরিয়ে দেওয়া হয়।
অসুস্থ ওই ভারতীয় (৩০) দেশটির ত্রিপুরা রাজ্যের আগরতলার বাসিন্দা।
সিলেটের লাখাই উপজেলায় ফুপুর বাড়িতে তার যাওয়ার কথা ছিল বলে জানা গেছে।
আখাউড়া ইমিগ্রেশনে অস্থায়ী হেলথ ডেস্কের দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মো. ফজলুল হক সরকার জানান, ওই ভারতীয় নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা করে তার গায়ে প্রায় ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও শারীরিক ভাবে অসুস্থ থাকায় করোনা আক্রান্ত সন্দেহ করা হয়।
তিনি জানান, সঙ্গে সঙ্গে বিষয়টি ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলমকে জানানো হয়। তার নির্দেশে ওই ভারতীয় নাগরিককে দুপুর পৌনে ১২টার দিকে নো-ম্যান্স ল্যান্ড থেকে ভারতে ফেরত পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
