ফরিদপুরে সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ২৫

আপডেট : ১০ মার্চ ২০২০, ১১:১৭ পিএম

ফরিদপুরের সালথায় পুর্বশত্রুতার জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হয়েছে। গত সোমবার রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী মামলা করেছে। 

সালথা থানার ওসি-তদন্ত সুব্রত গোলদার বলেন, স্থানীয় সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ও একই এলাকার এনায়েত হোসেনের সমর্থদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গেলে এসআই মোস্তফাসহ ৫ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় মো. ওয়াহিদুজ্জামান ও এনায়েত হোসেনসহ ৩০ জন ও অজ্ঞাতনামা ২ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।

স্থানীয়রা জানিয়েছে, পূর্বশত্রুতার জের ধরে সোমবার সন্ধ্যায় ইউসুফদিয়া বাজারে ওয়াহিদুজ্জামানের সমর্থক রাজিবের সঙ্গে প্রতিপক্ষ এনায়েত হোসেনের সমর্থকদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই সূত্র ধরে রাত ৮টার দিকে উভয় দলের সমর্থকরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে। এ সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ, সদর হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এনায়েত হোসেন বলেন, আমি বাড়ি যাওয়ার সময় ওয়াহিদুজ্জামানের সমর্থকরা আমার ওপর হামলা চালানোর চেষ্টা করলে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে আমার সমর্থক আনিচ, সাব্বির, শরীফুল, রিপনসহ ১০ জন আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে ওয়াহিদুজ্জামান বলেন, আমার সমর্থক রাজীবসহ কয়েকজন লোক ইউসুফদিয়া বাজারে গেলে এনায়েতের লোকজন তাদের ওপর হামলা করে। এ ঘটনা নিয়ে সংঘর্ষ বাধে। এতে আমার সমর্থক ৭-৮ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত